শহীদ হবিবুর রহমান হল ছাত্রদলের উদ্যোগে ফার্স্ট এইড বক্স প্রদান

রাবি প্রতিবেদক:
হলের আবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রদলের উদ্যোগে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য একটি ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে হলের প্রধান ফটকে দায়িত্বরত গার্ডের নিকট বক্সটি বুঝিয়ে দেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ফার্স্ট এইড বক্সটি বর্তমানে হলের প্রধান ফটকে দায়িত্বরত কর্মচারীর নিকট সংরক্ষিত রয়েছে। সেখান থেকে নিয়ে শিক্ষার্থীরা যেকোনো সময় ব্যবহার করতে পারবে। বক্সে রয়েছে- প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, ডায়রিয়াজনিত রোগের ওষুধ, হেক্সিসল, গজ, ব্যান্ডেজ, তুলা, ঝান্ডুবাম ইত্যাদি প্রাথমিক চিকিৎসা সামগ্রী।
এসময় হল শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার প্রিন্স, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন খান, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান নয়ন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মো. রাফি, নাফিউল ইসলাম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন-সহ হল শাখার ১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফার্স্ট এইড বক্স প্রদানের বিষয়ে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান বলেন, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারে, অনেক সময় স্টেশন বাজার বা বিনোদপুরের ফার্মেসি পর্যন্ত যেতে হয়। আবার খেলাধুলা করতে গিয়ে আহত হলে দৌড়াতে হয় রাবি মেডিকেল সেন্টার পর্যন্ত। শিক্ষার্থীদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা এই মানবিক উদ্যোগটি নিয়েছি।