নিজস্ব বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে: রাবি প্রশাসন
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে। নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়ার প্রয়োজন হলে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে নারী শিক্ষকের সহায়তা গ্রহণ করা যেতে পারে। রোববার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করে। কর্তৃপক্ষ আরও মনে করে যে, নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের কটূক্তি ও হয়রানির কোনো অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নীতি নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যদি কখনো কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়ার প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে, প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তা গ্রহণ করা যেতে পারে। কর্তৃপক্ষ এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর এক পোস্টে বোরকা-হিজাব পরার স্বাধীনতার সাথে টু-কোয়ার্টার ও মদের বোতল হাতে ক্লাসে যাওয়ার স্বাধীনতার তুলনা করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। এই পোস্ট ঘিরে সমালোচনা হওয়ার পরে ২৮ অক্টোবর আরেক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি।