চারঘাটে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চারঘাট প্রতিনিধি:
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন ও পরে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (২৫), একই গ্রামের মিলনের ছেলে মারুফ (১৮) ও এসকে বাদাল গ্রামের (১৪ মাথা) আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। এ সময় শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তুহিন ও শিমুলের মৃত্যু হয়। আর মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।