স্কুল, রেলস্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুরদের সরাতে নির্দেশ ভারতের শীর্ষ আদালতের

সোনার দেশ ডিস্ক :
স্কুল, রেলস্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুরদের সরাতেই হবে। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশ, নির্বীজকরণের জন্য পথকুকুরদের যে সমস্ত এলাকাগুলি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আর তাদের ফেরানো চলবে না। আদালতের নির্দেশে নির্বীজকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে সরকারি আশ্রয়কেন্দ্রেই।
শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোন কোন জায়গায় পথকুকুর থাকবে না, তা চিহ্নিত করবে স্থানীয় প্রশাসন। স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ কিংবা কোনও সরকারি ভবনে যাতে পথকুকুর ঢুকতে না-পারে, তার জন্য বেড়া দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবেন জেলাশাসকেরা। শীর্ষ আদালতের তরফে এ-ও জানানো হয়েছে, ওই সমস্ত জায়গায় পথকুকুর ঢুকছে কি না, তার উপর নজরদারি চালাতে হবে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন