জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক:
আজ ৭ নভেম্বর। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে আসছে। বিএনপি সরকারের আমলে এ দিনটিতে সরকারি ছুটি ছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।
কর্মসূচি: মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় দলীয় কার্যালয়ে পতাকা, পায়রা উত্তোলন করা হবে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। বিকেল ৩ টায় বাটার মোড় থেকে র্যালি বের করা হবে। এতে মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।