শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামে বিপিএলের মাঠে ফ্র্যাঞ্চাইজি

WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াবে ডিসেম্বরের মাঝামাঝি। এখনও দিন-তারিখ বা পূর্ণ সূচি নির্ধারিত হয়নি। তবে জানা গেছে, ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামেই মাঠে নামবে তারা।
গত মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে জানানো হয়, ১২তম আসরে অংশ নেবে পাঁচটি দল। যার অন্যতম হলো নাবিল গ্রুপ মালিকানাধীন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে প্রতিষ্ঠানটি।

মালিকানা পাওয়ার পরপরই নতুন কোচ নিয়োগ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের আসন্ন মৌসুমে দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। এরই মধ্যে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বাঁহাতি এই ব্যাটারকে দলে ভেড়াতে পারে রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএলের দল পেতে আবেদন করেছিল ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক পর্যালোচনায় বাদ দেওয়া হয় দুটি প্রতিষ্ঠানকে। বাকি ৯টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর চূড়ান্তভাবে নির্বাচিত হয় পাঁচটি প্রতিষ্ঠান।
এবারের বিপিএলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর—এই পাঁচ শহরের দল অংশ নেবে। এর মধ্যে ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা টগি স্পোর্টস, চট্টগ্রামের টাইএঙ্গেল স্পোর্টস, সিলেটের ক্রিকেট উইথ সামি, আর রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ।