প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিবেদক:
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে উপাচার্য সালেহ হাসান নকীবের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
কর্মসূচিতে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী ও রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সৃজনশীলতা-মননশীলতা বৃদ্ধি পায়। বিশ্বের অন্যান্য দেশে যেখানে শারীরিক শিক্ষা ও সংগীতকে বাধ্যতামূলকভাবে পড়ানো হয়; সেখানে বাংলাদেশে কেন এই পদটি থাকবে না? বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যে বিষয় পড়ানো হয় হয়, তার বিরুদ্ধে এমন একটা প্রজ্ঞাপন সম্পূর্ণ অযৌক্তিক।
দর্শন বিভাগের শিক্ষার্থী ও রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভুইয়া রাতুল বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশেও যেখানে শিক্ষার প্রাথমিক পর্যায়ে সংগীত ও শারীরিক চার্চার বিষয়টি অব্যহত আছে, সেখানে আামাদের দেশের সংগীত ও শারীরিক শিক্ষার পদে শিক্ষকের কোনো পদ না রেখে শিশুদের শারীরিক-মানসিক বিকাশকে কেন বাধাগ্রস্ত করা হবে?
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক হারুন আর রশিদ বলেন, সংস্কৃতির কার্যক্রম একটা দেশের পরিচয়। তাই সংগীতের মান কিভাবে আরও উন্নয়ন করা যায়, সেই চিন্তা করে এই নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করার দাবি জানাই।
এর আগে, গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালার প্রজ্ঞাপন জারি হয়। নতুন বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের দুটি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এরপর থেকে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন সংগীত বিষয়ের সহকারী শিক্ষক পদটি সৃষ্টি নিয়ে সমালোচনা শুরু করে। তাদের সমালোচনার মুখে রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আপাতত বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংগীত বিভাগের শিক্ষার্থীদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে রাবি শাখা ছাত্রদল। একাত্মতা প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দিয়েছে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। বুধবার (৫ নভেম্বর) রাতে রাবি শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাবনা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করে বিবৃতিতে রাবি ছাত্রদল নেতৃবৃন্দ বলেছেন, প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা একটি শিশুর মানসিক, শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য উপাদান। এই দুটি গুরুত্বপূর্ণ পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে একপেশে ও সংকীর্ণ করার অপচেষ্টা।