জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা মহানগর বিএনপির

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটির নেতারা স্বচ্ছ ও ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দিলেন। দলের সকল নেতাকর্মী মনোনীত প্রার্থীদের পক্ষে একসাথে কাজ করবেন বলে জানিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন। তিনি বলেন, রাজশাহী মহানগর বিএনপিতে কোন বিভেদ নাই। জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ।
মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, নির্বাচনে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। মহানগর বিএনপির নবগঠিত ১৪ সদস্যবিশিষ্ট কমিটি রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এবং সকল প্রকার সহযোগিতা নিশ্চিত করছে। এরইমধ্যে সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচনী কার্যক্রম তদারকির জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, দলের নির্দেশ অনুসারে যারা ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাবেন, তাদের পক্ষে সকল নেতাকর্মী প্রচারণা চালাবেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সদর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু থাকবেন। এছাড়াও মহানগরের পক্ষ থেকে ছয়টি আসনের প্রার্থীদের দাওয়াত করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ শুরু করছে মহানগর বিএনপি। এরইমধ্যে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিএনপি যেহেতু বড় দল সেখানে পদ প্রত্যাশী অনেক নেতা ছিলেন। পদ পেতে প্রতিযোগিতাও ছিল। পদ না পেয়ে অনেকেই হতাশ হয়েছেন। সেসব ভুলে গিয়ে নেতাকর্মীরা সকলে জেলার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে কাজ শুরু করে, সে লক্ষ্যে মহানগর বিএনপি মাঠে নেমেছে ও নানা পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন তারা।
মতবিনিময় সভায় রাজশাহী মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু। এছাড়াও বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।