রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক পাওয়ায় নেতা-কর্মীরা উচ্ছ্বাসিত

দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণার পর থেকেই (পুঠিয়া-দুর্গাপুর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের জোয়ার বইছে। দুই উপজেলা নেতা কর্মী ও সমর্থকরা দলে দলে মনোনীত প্রার্থীর সাথে দেখা করতে ভিড় করছেন তার বাস ভবনে।
দুর্গাপুর উপজেলার সাবেক ছাত্র নেতা গোলাম মুর্তুজা বলেন, “অধ্যাপক নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে থেকেছেন। তাঁর মতো যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ায় আমরা তৃণমূল পর্যায়ে উজ্জীবিত হয়েছি। দলের ভেতরের বিভাজন ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাই এক হয়ে মাঠে কাজ করবে আমরা বিশ্বাস করি।
পুঠিয়া বিএনপির আরেক নেতা এরশাদ আলী জানান, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মতো যোগ্য নেতার হাতে নেতৃত্ব গেলে বিভাজন নয়, ঐক্যই হবে বিএনপির শক্তি। তৃণমূল এখন এক হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবে।
মনোনয়ন পাওয়ার পর অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তা রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। রাজশাহী-৫ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ভেদাভেদ-বিভাজন ভুলে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজশাহীর তৃণমূল বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা অধ্যাপক নজরুল ইসলাম একজন পরিচ্ছন্ন, শিক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। তিনি ১৯৮৮ সালে পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ২০০৮ ও ২০১৮ সালে রাজশাহী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।