শনিবার, আগস্ট ২২, ২০২৬

কক্সবাজারে নিহত ৫, পরিবারের আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন জাতীয়
WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন
কক্সবাজারে নিহত ৫, পরিবারের আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হলো বিষাদে
কক্সবাজারে নিহত ৫, পরিবারের আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হলো বিষাদে


সোনার দেশ ডেস্ক:


কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারী (৪৩)। তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে দেখা হচ্ছিল না। তাই পরিকল্পনা করেন সবাই মিলে কক্সবাজারে বেড়াতে যাবেন।
মঙ্গলবার রাতে (৪ নভেম্বর) ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওয়ানা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), ছেলে সামাদ পাটোয়ারী (৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫) ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)।

পথে রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম বাজারে কাজী রাজ্জাক টাওয়ার থেকে মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪) এবং ফালগুনকরা থেকে রাত পৌনে ৩টায় উদয়ের শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে (৫৫) নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা করেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন।
নিহতরা হলেন উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা, শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, মা রুমি বেগম ও বোন সাদিয়া পাটোয়ারী।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী উদয় পাটোয়ারীর স্বজনদের বহন করা মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত চালকসহ অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
উদয়ের শ্বশুর আবদুল মন্নান মজুমদার বলেন, ‘জামাতার উদ্যোগে পরিবারের সদস্যরা কক্সবাজারে আনন্দ ভ্রমণের জন্য মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে রওয়ানা দেয়। পথে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আনন্দ ভ্রমণ বিষাদে পরিণত হলো।’

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত
সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মুন্না (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
বুধবার (৫ নভেম্বর) সিলেট-তামাবিল সড়কের খাদিমে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা। আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাঈম (২১) ও হাবিবুর লস্কর (৩৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘সিলেট-তামাবিল সড়কে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন। আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।’’
টাঙ্গাইলে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নারী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় অটোরিকশার যাত্রী খালেদা আক্তার (৩৯) নামে এক নারী মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুর কবরস্থানের সামনের ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা। মারা যাওয়া খালেদা একই উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়াত স্ত্রী। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কে টাঙ্গাইলমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্র: জাগোনিউজ, রাইজিংবিডি