চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৫৪ ফোন ও ৪৪ বোতল মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে ৫৪ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ৪৪ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৩ নভেম্বর) সকাল ও রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
রাতে বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার বাখেরআলী বিওপির বিজিবি সদস্যরা পদ্মা নদীর সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় জব্দ করা হয় ইঞ্জিন চালিত নৌকাটিও।
অন্যদিকে সকালে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের হলুদিয়াপাড়ার অভিযান চালিয়ে ৫৪টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত মদ ও নৌকা শিবগঞ্জ থানায় এবং মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল চোরাচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।