কুয়াশা ভেজা প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কুয়াশা পড়েছে প্রকৃতি। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত চারপাশ ছিল কুয়াশায় ঢাকা। ফলে সূর্যের দেখা মিলেছে দেরিতে। এবছর রাজশাহীতে প্রথম এমন কুয়াশা দেখা গেছে। এই কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোর চালকদের হেডলাইট জ্বালিয়ে যাত্রা করতে দেখা গেছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এদিন সকাল ৬ টায় সর্বনি¤œ তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর রোববার (২ নভেম্বর) ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, ‘সকালে জানালা খুলে দেখি চারপাশে কুয়াশা। গাছের পাতায় শিশির আর কুয়াশার মিশ্রণটা অসাধারণ লাগে। এতদিনের গরম শেষে এই ঠান্ডা হাওয়া সত্যি প্রশান্তি দিচ্ছে।’
পদ্মা নদীর তীরে সকালে হাঁটতে আসা নারগিস বেগম জানান, ‘নদীর ওপরে কুয়াশার সাদা পর্দা ঝুলে ছিল দীর্ঘক্ষণ। সূর্য উঠলেও তার আলো ভেদ করে কুয়াশা কেটে যেতে সময় লাগে। শরীরে শীত অনুভ’ত হচ্ছে।’
জানা গেছে- গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে কয়ক দফা বৃষ্টিপাত হয়েছে। এই তিনদিনে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বৃষ্টির সঙ্গে বয়েছিল বাতাসও। বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে কুয়াশার সঙ্গে শীত অনুভব করছে রাজশাহীবাসী
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত শেষে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সকালে কুয়াশা পড়েছে। এটা শীতের বার্তা দিচ্ছে।