শনিবার, আগস্ট ২২, ২০২৬

সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চায় জনগণ: রায়হান

WP Import ০৩ নভেম্বর ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ নভেম্বর ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চায় জনগণ: রায়হান
সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চায় জনগণ: রায়হান

নিজস্ব প্রতিবেদক:


জুলাই সনদ ইস্যুতে জটিলতার আশঙ্কা প্রকাশ করে জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান বলেছেন,“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট আয়োজন করা হলে তার ফলাফল কী হবে, তা দেশের জনগণ সহজেই অনুমান করতে পারে। গণভোটের আয়োজন করতে গেলে নির্বাচনের সমপরিমাণ অর্থ ব্যয় হবে, ফলে নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে। তাই জনগণের দাবি-সবার আগে জাতীয় সংসদ নির্বাচন।”সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের কর্ণহার বাজারে“৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা” শীর্ষক মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির নেতা রায়হানুল আলম রায়হান বলেন,“জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত হয়নি। জনগণ এখন ভবিষ্যৎ নিয়ে হতাশ। তাই দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন দেখতে চায় তারা, যেখানে ভোটাররা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোট শুধু একটি অধিকার নয়, এটি ভবিষ্যৎ গড়ার হাতিয়ার।”
তিনি আরও বলেন,“ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করার অধিকার কারও নেই। গণভোট আগে নাকি একই দিনে হবে-এই বিতর্ক নিরর্থক। সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে ও দেশের শাসনভার প্রকৃত প্রতিনিধিদের হাতে তুলে দেবে।”
‘পিআর পদ্ধতি’ প্রসঙ্গে তিনি বলেন,“জনগণের ভোটের সঠিক মূল্যায়ন এই পদ্ধতিতে সম্ভব নয়। এতে ভোটারদের প্রার্থী নয়, কেবল প্রতীকে ভোট দিতে হবে। এর ফলে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীরা বঞ্চিত হবেন, যা গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী।”

রায়হান বলেন,“বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের প্রত্যাশার প্রতিফলন। এর মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এই রূপরেখা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন হুজুরীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাবু। বিএনপি নেতা আশরাফুল হক তোতার সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আসলাম সরকার, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম চুন্নু, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাবেক মেম্বার মাসুদ, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু ও শাহাদাত হোসেন কালু, এবং হুজুরীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জু আহমেদ।#