গোদাগাড়ীতে ভাতিজার হাতে চাচা খুন মামলায় পিতা-পুত্র আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর ভাতিজার হাতে চাচা হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার (২ নভেম্বর) ভোরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন নিহত পর্বত রায়ের ভাতিজা শ্রী রবীন চন্দ্র রায় (২০) ও নিহতের বড় ভাই শ্রী সুকুমার রায় (৫০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১১ অক্টোবর পারিবারিক বিরোধের জেরে গোদাগাড়ী উপজেলার আইহাই রাহী গ্রামে পর্বত রায় ও তার বড় ভাই সুকুমার রায়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পর্বত রায় তার ভাইকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে সুকুমার রায় পাল্টা মারপিট শুরু করেন। এ সময় তার ছেলে রবীন রায় বাড়ি থেকে আরেকটি বাঁশের লাঠি এনে চাচা পর্বত রায়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিল আসামিরা। পরবর্তীতে র্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৫।