মায়ানমারে বিদ্রোহী জোটে ফের ভাঙন ধরাল চিন! বিপাকে আরাকান আর্মি?

মায়ানমারের বিদ্রোহী বাহিনী। ছবি: রয়টার্স।
সোনার দেশ ডেস্ক :
মায়ানমারে জুন্টা বিরোধী বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এ আবার ভাঙন ধরাল চিন। বেজিঙের মধ্যস্থতায় শুক্রবার সংঘর্ষবিরতি ঘোষণা করে সামরিক শাসকদের সঙ্গে আলোচনার টেবিলে বসার কথা ঘোষণা করল ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ)। চিনের কুমনিং শহরে দু’পক্ষের শান্তিচুক্তি সই হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। চুক্তি অনুযায়ী মায়ানমারের চুনি (রত্ন) খনির শহর মোগকের দখল ছাড়ার কথা জানিয়েছে টিএনএলএ।
এর আগে গত জানুয়ারি মাসে চিনের উদ্যোগে বিদ্রোহী জোটের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ) সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল। প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর থেকে মায়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী মিলে নতুন জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’ গড়ে সামরিক জুন্টার বিরুদ্ধে অভিযান শুরু করেছিল।
সেই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন ১০২৭’। টিএনএলএ এবং এমএনডিএএ-র পাশাপাশি সেই গোষ্ঠীতে ছিল সে দেশের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরে অন্য কয়েকটি গোষ্ঠীও সেই শিবিরে যোগ দিয়েছিল।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন