শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার

WP Import ০১ নভেম্বর ২০২৫ ১২:২৮ অপরাহ্ন জাতীয়
WP Import ০১ নভেম্বর ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার
মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার

গ্রেপ্তার কন্ডাক্টর

সোনার দেশ ডেস্ক :


রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীকে হেনস্তার অভিযোগে বাসকর্মী নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার তিনদিন পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিজাম উদ্দিন রমজান পরিবহনের কন্ডাক্টর ও চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

ভিডিওচিত্রে দেখা যায়, ধানমন্ডি ১৫ থেকে বছিলাগামী রমজান পরিবহনের একটি বাসে যাত্রার সময় এক ব্যক্তি সামনের আসনে বসা তরুণীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ করলে ওই ব্যক্তি উঠে তাকে চড় মারেন। তরুণীও আত্মরক্ষার্থে জুতা খুলে পাল্টা আঘাত করেন। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, পরে তরুণী আবারও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন।

র‍্যাব-৪ এর মেজর আবরার ফয়সাল সাদী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেনস্তাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজাম উদ্দিনকে বছিলা এলাকা থেকে আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শুক্রবার সকালে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে ধানমন্ডি ১৫ থেকে বছিলা যাওয়ার সময় রমজান পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজাম উদ্দিন তরুণীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য ও আচরণ করেন।
তথ্যসূত্র: বাংলানিউজ