স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে ঢাকা থেকে রাজশাহী হয়ে খুলনা পর্যন্ত গোলাপী শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ বছরও শুরু হয়েছে গোলাপি সড়ক শোভাযাত্রা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার শাহবাগ থেকে গোলাপি শোভাযাত্রার বাস যাত্রা শুরু হয়। এদিন দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করে তারা। এর মধ্যে বিভিন্ন স্থানে পথসভা, শোভাযাত্রা এবং সাধারণ মানুষের মাঝে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হচ্ছে।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তার সঙ্গে রয়েছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যানসারজয়ী যোদ্ধা, সংগঠক ও সংস্কৃতিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিটি স্থানে স্থানীয় অংশীজনরাও যুক্ত হবেন কার্যক্রমে।
ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু অনেক নারী লজ্জা, ভয় বা অজ্ঞতার কারণে বিষয়টি লুকিয়ে রাখেন। অনেকেই আবার নিজে নিজে কীভাবে পরীক্ষা করবেন তাও জানেন না। শহরে সচেতনতা বাড়লেও গ্রামাঞ্চলে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে। অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস—এই উপলক্ষে প্রতি বছরই গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করা হয়।
তিনি আরও জানান, এর আগেও দেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বৃহত্তর ময়মনসিংহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবার রাজধানী ঢাকা থেকে রাজশাহী হয়ে খুলনা পর্যন্ত যাত্রা করা হচ্ছে।
দীর্ঘ এই অভিযাত্রায় মোট ১৭টি স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি স্থানে পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হবে।