রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের, সদস্য সচিব আতিক

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোবাশ্বের আলীকে আহবায়ক এবং আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। ঘোষিত কমিটির মেয়াদ থাকবে আগামী ছয় মাস পর্যন্ত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ১৭টি বিভিন্ন পদ ও ৪৭ জনকে সদস্য করে মোট ৬৪ জনের এই কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন। যুগ্ম আহবায়ক পদে রয়েছেন সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মসহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম ও উরসী মাহফিলা ফাতেহা।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান ও আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে আবির হাসনাত রুদ্রকে।
এর আগে গত ১৮ জুন এনসিপি প্রথমবারের মতো রাজশাহী জেলা ও মহানগরে সমন্বয় কমিটি গঠন করেছিল। সেই সময় মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন মোবাশ্বের আলী। নতুন ঘোষণায় তাকেই আহবায়ক করা হয়েছে।
এদিকে, আগে গঠিত জেলা ও মহানগর সমন্বয় কমিটির বেশ কয়েকজন সদস্য বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে সমন্বয় কমিটি বিলুপ্ত করে নতুন করে মহানগর আহবায়ক কমিটি ঘোষণা করে এনসিপি।