জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফরম পূরণ, খাতা পুনর্মূল্যায়ন ও মানোন্নয়ন ফি-এর অস্বাভাবিক ও অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক অফিসের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল শেষে তারা আঞ্চলিক অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবিসহ একটি স্মারকলিপি আঞ্চলিক পরিচালক বরাবর জমা দেওয়া হয়।
এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে। অথচ মাথাপিছু বরাদ্দ মাত্র ৭৯৫ টাকা। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর সরকারকে ভ্যাট হিসেবে ১০০ কোটিরও বেশি টাকা প্রদান করে। এই অপ্রতুল বরাদ্দে মানসম্মত শিক্ষা প্রদান সম্ভব নয়, তবুও সংস্কারের নামে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত ফি।
তারা অভিযোগ করেন, রেলে-বাসে সাধারণ শিক্ষার্থী ও দারোয়ানদের দিয়ে ফাইল টানাটানি করে খাতা দেখানো হচ্ছে এটি চরম অনিয়ম। শিক্ষার্থীরা আরও বলেন, এসব অনিয়ম ও অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি।
রাজশাহী আঞ্চলিক অফিসে জমা দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা ছয় দফা দাবি গুলো হলো-ফরম পূরণ ফি প্রত্যাহার, অনলাইন সার্ভিস ও কলেজ ফি হ্রাস, পুনর্মূল্যায়ন ফি কমানো, সেশনজট নিরসন, উপস্থিতির শর্ত শিথিল, মানোন্নয়ন ফি কমানো।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অন্যথায় এই আন্দোলন আরও কঠোর রূপ নেবে।
এই সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শিক্ষার্থী রবিউল হাসান মিঠু, রাজশাহী মাহিলা কলেজ শিক্ষার্থী তানিয়া তাবাচ্ছুম, নিউ গভ: ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল-হাফিজ, সরকারি সিটি কলেজ শিক্ষার্থী মো. হাসান আলী, শাহ মখদুম কলেজ আঃ আজিজসহ আরও অনেকে।