শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণতন্ত্র ও নির্বাচনে ষড়যন্ত্র মোকাবিলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান বিএনপি নেতা রায়হানের

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৪৭ অপরাহ্ন
গণতন্ত্র ও নির্বাচনে ষড়যন্ত্র মোকাবিলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান বিএনপি নেতা রায়হানের
গণতন্ত্র ও নির্বাচনে ষড়যন্ত্র মোকাবিলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান বিএনপি নেতা রায়হানের

নিজস্ব প্রতিবেদক:


চব্বিশের গণঅভ্যুত্থানে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অভ্যুত্থানের এক বছর পার হলেও দেশ এখনো রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত। এমন পরিস্থিতিতে গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার ও ধর্মনিরপেক্ষতার ভিত্তি ধ্বংসের পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পবা উপজেলার বায়া বাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান বলেন,“দেশের বর্তমান সংকট উত্তরণে কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন ও নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন,“গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের পরিপন্থী শক্তি হিসেবে কাজ করছে। বিরোধীদল ও সাধারণ মানুষের ওপর গুম-খুন, মামলা-হামলা ও নির্যাতনের মাধ্যমে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থা দেশের ১৮ কোটি মানুষকে দমন ও নিপীড়নের মাধ্যমে জিম্মি করে রেখেছিল।”
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রায়হান যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সব সময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারিতে থেকেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।”

তিনি আরও যোগ করেন, “দেশের তরুণ সমাজ আজ বেকারত্ব, মাদকাসক্তি ও হতাশায় ভুগছে। সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বৈরাচারী নীতির কারণে তরুণরা দিশেহারা। এই সংকটে যুবদলই পারে তরুণদের সংগঠিত করে নতুন নেতৃত্ব তৈরি করতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।”
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে রায়হান বলেন,“শুধু সভা-সমাবেশের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাঁদের দুঃখ-দুর্দশার কথা জানতে হবে। বৃহৎ জনগোষ্ঠীর যুবসংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।”

সংক্ষিপ্ত সভা শেষে জেলা বিএনপির সদস্য রায়হানের নেতৃত্বে একটি পথসভা বের হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা জনগণের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি, তাঁরা আগামী দিনে একটি গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ। বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলারসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।