শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী কলেজে প্রথমবারের মতো হিসাববিজ্ঞান ও ফিন্যান্স অ্যালামনাই রি-ইউনিয়ন

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী কলেজের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফিন্যান্স অ্যালামনাই রিইউনিয়ন-২০২৫’। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর রাজশাহী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। এই আয়োজনকে ঘিরে গত রোববার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাক্তন শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

সম্প্রতি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বিভাগ যৌথভাবে গঠন করেছে ‘রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আরসি-এএফএএ)’। সংগঠনের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছেÍ ‘বন্ধনে প্রথম, স্মৃতিতে অনন্ত’। অ্যাসোসিয়েশন গঠনের প্রথম উদ্যোগ হিসেবেই নেওয়া হয়েছে এই অ্যালামনাই রিইউনিয়ন আয়োজনের সিদ্ধান্ত।

রিইউনিয়ন বাস্তবায়নের জন্য বিভাগ দুটির প্রধান মো. আবুল হাসনাতকে সভাপতি, আবু মো. ফসিউরকে সহ-সভাপতি এবং মো. এন্তাজ আলীকে সদস্য সচিব করে ১৯ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মো. এন্তাজ আলী বলেন,“বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষক, সহপাঠী, অনুজ ও প্রবীণরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই বন্ধনকে আরও গভীর ও প্রাণবন্ত করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্যোগে গঠিত হয়েছে এই অ্যাসোসিয়েশন। এটি দুই বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে প্রজন্মের পর প্রজন্ম যুক্ত হয়ে তৈরি করবে সহযোগিতা, অনুপ্রেরণা ও বন্ধুত্বের নতুন অধ্যায়।”

কলেজের প্রাক্তন ছাত্র ও পুনর্মিলনীর উপদেষ্টা মো. আবু হানিফ সরকার বলেন,“হিসাববিজ্ঞান ও ফিন্যান্স আমরা একই পরিবার। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ ও সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হবে।”