শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০২:১১ অপরাহ্ন জাতীয়
WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০২:১১ অপরাহ্ন
ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬
ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬


সোনার দেশ ডেস্ক :


ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালে এ সংঘর্ষ হয়।

লিখিত অভিযোগপত্রে যাদবপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল, মন্টু মিয়ার ছেলর ছফর আলী, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, রেজাউলের ছেলে হাসান আলী, মোজাম্মেলের ছেলে সাইদ ও ইরশাদ মেম্বারের ছেলে হবিবার রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেছেন, যাদবপুর বাজারে গণসংযোগ শেষ করে মাগরিবের নামাজে যাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা। এ সময় বিএনপির কর্মীরা হামলা চালান। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছি।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেছেন, আমি ঢাকায় আছি। যাদবপুর বাজারে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের কর্মীরা। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেছেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: রাইজিংবিডি