শনিবার, আগস্ট ২২, ২০২৬

গায়ের জোরে কাজ করছে নির্বাচন কমিশন: নাহিদ

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ১১:৩০ অপরাহ্ন
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ১১:৩০ অপরাহ্ন
গায়ের জোরে কাজ করছে নির্বাচন কমিশন: নাহিদ
গায়ের জোরে কাজ করছে নির্বাচন কমিশন: নাহিদ

নিজস্ব প্রতিবেদক:


নির্বাচন কমিশন গায়ের জোরে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ বলেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা; তারা গায়ের জোরে কাজ করছে। যদি রাজনৈতিকভাবে প্রতীক আদায় করতে হয়, তবে তা রাজপথের মাধ্যমে করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। নির্বাচন হবে ড. ইউনূসের নেতৃত্বে। সংস্কারের বিপক্ষে দাঁড়ানো বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই। যদি সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে নেওয়া হবে।’

‘যদি কোনো রাজনৈতিক শক্তি সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, অথবা ইতিহাসে অনেক দায়ভার থাকে- এ রকম কোনো শক্তির সঙ্গে জোটের ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি; জনগণের প্রত্যাশা আমাদের ওপর অনেক এবং আমরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।’
জুলাই সনদ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষরের জন্য আমরা অপেক্ষা করছি। আদেশ বাস্তবায়ন হলে গণভোট হবে। গণভোটের মাধ্যমে ড. ইউনূস এই আদেশে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি আদেশে স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে এটি সাংঘর্ষিক হবে। কোনো নোট বা আপসেন্ট থাকলে আমরা স্বাক্ষর করব না।’

নাহিদ অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন ব্যাহত করার চেষ্টা চালাবে। ১৪ দল আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস চালাচ্ছে।’
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আগামীর সংসদে যদি কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করে এবং তা পরিচালনা করে, তাহলে আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে জামায়াত বা বিএনপি- কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি-চাঁদাবাজিসহ সকল অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষের যে জনআকাঙ্ক্ষা, সেই লড়াইয়ে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না।’
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।