শনিবার, আগস্ট ২২, ২০২৬

অধ্যাপক মামুনের পোস্টকে অনিচ্ছাকৃত উল্লেখ করে যা বললো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
অধ্যাপক মামুনের পোস্টকে অনিচ্ছাকৃত উল্লেখ করে যা বললো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
অধ্যাপক মামুনের পোস্টকে অনিচ্ছাকৃত উল্লেখ করে যা বললো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

রাবি প্রতিবেদক:


বোরকা-হিজাব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আ-আল মামুনের বিতর্কিত পোস্টকে অনিচ্ছাকৃত উল্লেখ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, রাবি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আমাদের সহকর্মী ও স্বজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন-এর সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টের অনিচ্ছাকৃত বক্তব্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তব্যের অসঙ্গতি উপলব্ধি করে অধ্যাপক মামুন নিজেই সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। অধ্যাপক আ-আল মামুনের বিনীত সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, এখন সবমহলেরই বক্তব্যে এবং আচরণে সংযম প্রদর্শন প্রয়োজন। কারণ জুলাই অভ্যুত্থানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমানুষের রক্তাক্ত অর্জনগুলো যেনো কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত না হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই প্রত্যয় ব্যক্ত করে যে, অতীতেও সব ধরনের অন্যায়, অযৌক্তিক ও অসহিষ্ণু আচরণের বিরুদ্ধে তারা ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে রাবির ছাত্রীদের দুইটি হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের সময়কার ছবি যুক্ত করে ক্যাপশনে অধ্যাপক আ-আল মামুন লিখেছিলেন, ‘এই ব্যক্তিগত স্বাধীনতা (বোরকা-হিজাব পরা) আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়াটার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!’