বোরকা পরা নিয়ে বিতর্কিত পোস্ট, রাবি শিক্ষকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র সংসদে নির্বাচিত ছাত্রী প্রতিনিধিদের বোরকা পরা ছবি নিয়ে এক শিক্ষকের করা পোস্টকে পর্দার অবমাননা উল্লেখ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। অবিলম্বে ওই শিক্ষকের বহিষ্কারের দাবিতে সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের পাশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত শিক্ষক ড. আ-আল মামুন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ওই পোস্টটি করেছিলেন তিনি। পোস্টে হল সংসদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দুটি ছবি যুক্ত করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই ব্যক্তিগত স্বাধীনতা (বোরকা-হিজাব পরা) আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়াটার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!’
পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই সেটি অনলি মি করে রেখেছেন তিনি। তবে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা করছেন অনেকেই।
সমাবেশে রাকসু’র মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা হাফসা বলেন, হিজাব পড়েও নারীরা যখন অপ্রতিরোধ্য, তখন একটা পক্ষ তাদের বাধা দিয়ে-কটুক্তি করে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নারী প্রতিনিধিদের ছবি যুক্ত করে বলেছেন টু কোয়াটার ও মদের বোতল নিয়ে ক্লাসে আসতে চান। টু কোয়াটার আর মদের বোতল কী সামাজ মূল্যায়ণ করে? একইভাবে বোরকাকে নিয়ে কী সামাজিকভাবে অবমূল্যায়ন করা হয়? তিনি যা করতে চেয়েছেন, এখন তা করে দেখাক। এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাকে বহিষ্কার করতে হবে।
রাকসু’র জিএস সালাউদ্দিন আম্মার চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি তার মেরুদণ্ড সোজা থাকেন অবশ্যই অবশ্যই তিনি বিভাগে মদের বোতল ও হাফ প্যান্ট পড়ে আসবেন, আদারওয়াইজ (অন্যথায়) বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শোকজ করবে। আমরা তার বিভাগের সামনে অবস্থান নেবো।
তিনি তিন সেকেন্ড ধরে পোস্ট রেখেছিলো না তিন মিনিট রেখেছিলো তা আমাদের বোঝার বিষয় নয়।এখানে (ছবিতে) কোন রাজনৈতিক দলের বোনেরা ছিলোনা, এখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বোনেরা ছিলো। তাই শিক্ষার্থীদের অস্তিত্বে আঘাত লেগেছে, হিজাবের অস্তিত্বে আঘাত লেগেছে, মুসলমানের অস্তিত্বে আঘাত লেগেছে।
সমাবেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।