রাবিতে সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার অনুশীলনের সময় ডুবে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটার সময় ডুবে গিয়ে নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী সায়মা হোসাইন। তিনি মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কর্তৃপক্ষ উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিকে রাবি সুইমিংপুলে ঘটনার পূর্বাপর পরিস্থিতি ও পরবর্তীতে রাবি চিকিৎসা কেন্দ্রে সায়মা হোসাইনের চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করে এই ধরনের দুঃখজনক ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণসহ প্রাসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠনের ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে।
এর আগে, রাত সাড়ে ৯টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।