শনিবার, আগস্ট ২২, ২০২৬

বনলতা এক্সপ্রেসে পাওয়া গেল ৮ পিস্তল, গুলি ও গান পাউডার

WP Import ২৭ অক্টোবর ২০২৫ ১২:১২ পূর্বাহ্ন জাতীয়
WP Import ২৭ অক্টোবর ২০২৫ ১২:১২ পূর্বাহ্ন
বনলতা এক্সপ্রেসে পাওয়া গেল ৮ পিস্তল, গুলি ও গান পাউডার
বনলতা এক্সপ্রেসে পাওয়া গেল ৮ পিস্তল, গুলি ও গান পাউডার

উদ্ধার হওয়া বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র। ছবি: আইএসপিআর

সোনার দেশ ডেস্ক:


রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেসের একটি বগি থেকে আটটি পিস্তল, গুলি ও গানপাউডার উদ্ধার করা হয়েছে। সন্দেহজনকভাবে চারজনকে আটকও করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
ট্রেনটির খ নম্বর বগির এক নম্বর কেবিনে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলিব্যাগে এই পিস্তলগুলো পাওয়া যায়। পাশাপাশি গুলি, ম্যাগাজিন ও গান পাউডারও পাওয়া যায় সেখানে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

পরিদফতর থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: বাংলানিউজ