চারঘাটে সার পাচারের দায়ে ডিলারের জরিমানা

চারঘাট প্রতিনিধি:
চারঘাটে রাতের আঁধারে ৪০ বস্তা সার পাচারের সময় জনতার ধাওয়া পালিয়ে যান সার ডিলার জাহাঙ্গীর হোসেন। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীররাতে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরা এলাকায় সার আটকের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও চলতি দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় উত্তেজিত জনতা সার ডিলার জাহাঙ্গীর হোসেনের কঠিন বিচার দাবি করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভায়ালক্ষিপুর ইউনিয়নের সার ডিলার আকাশ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন কৃত্রিম সার সংকট তৈরি করে এলাকার কৃষকদের সার নেই বলে জানান। তবে গোপনে কৃষকসহ এলাকাবাসী জানতে পারেন জাহাঙ্গীর হোসেন অধিক মুনাফার লোভে অবৈধভাবে রাতের আঁধারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সার পাচার করেন। বৃহস্পতিবার রাতে ব্যটারিচালিত দুটি অটো যোগে রাতের আঁধারে ৪০ বস্তা সার পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন। তবে জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান।
শুক্রবার দুপুরের দিকে চারঘাট উপজেলা চত্বরে অবৈধভাবে সার পাচারের অভিযোগে সার ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমশিনার (ভূমি) রাহাতুল করিম মিজান। জব্দ সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়। বিক্রিয়ের টাকা সরকারের কোষাগারে জমা করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।