দীর্ঘ আড়াই মাস কমিটিবিহীন মহানগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হয়েছিল ১০ আগস্ট। সম্মেলনের দীর্ঘ আড়াই মাস পার হয়ে গেলেও হয়নি কমিটি ঘোষণা। সম্মেলনের পরই ভোটের মাধ্যমে নতুন নেতৃত্বের নির্বাচন হওয়ার কথা ছিল। এতে দলের কার্যক্রমে বাড়তি গতি আসবে এমন আশা ছিল নেতাকর্মীদের। ওইদিন রাতেই ভেঙে দেওয়া হয় আহ্বায়ক কমিটি। আড়াই মাস হয়ে গেলেও ঘোষণা করা হয়নি মহানগর বিএনপির কমিটি। এতে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে নগর বিএনপিতে। গুরুত্বপূর্ণ এই নগর ইউনিটে নেতৃত্বশূন্যতার পাশাপাশি দেখা দিয়েছে সাংগঠনিক স্থবিরতা।
নেতাকর্মীরা বলছেন, নেতৃত্ব বাছাইয়ে মতভেদ এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের বিলম্বে রাজশাহী মহানগর বিএনপি এখন কার্যত নির্দেশনাবিহীন অবস্থায় রয়েছে। এতে তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যা আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দলটির রাজনৈতিক কর্মকা-ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক এবং মামুনুর রশিদকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় তিন বছর ধরে তারা দলের সাংগঠনিক কর্মকা- পরিচালনা করে আসছেন। আগস্টের সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিনই নতুন নেতৃত্ব পাওয়ার আশা ছিল স্থানীয় নেতাকর্মীদের। তবে সম্মেলন থেকে নতুন কমিটি ঘোষণা হয়নি। ওই দিন রাতে আগের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।
মহানগর বিএনপিতে কমিটি গঠন না করে রাজনৈতিক অস্থিরতা ও দলের ভেতর বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে মনে করছেন নেতাকর্মীরা। তারা বলেন, দলের অভ্যন্তরীণ ঐক্য পুনর্গঠন না হলে আগামীতে কার্যক্রমে আরও বিভ্রাট দেখা দিতে পারে। আমরা এখন তাকিয়ে আছি কেন্দ্রের দিকে। যোগ্য, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ নেতৃত্ব শিগগির আসবে। যা সংগঠনকে নতুন করে প্রাণ দেবে এবং রাজশাহীতে বিএনপিকে পুনরায় সংগঠিত করবে।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, নেতৃত্বশূন্যতা ও সাংগঠনিক স্থবিরতা নেই। কিছুটা সমস্যা হলেও দলীয় সব কার্যক্রম সঠিকভাবেই হচ্ছে। সম্মেলন হয়েছে গেছে এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করছেন। আশা করছি শিগগির আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর সঙ্গেই মহানগর কমিটি ঘোষণা করা হবে।
আহ্বায়ক কমিটি গঠন করা হলে দলের ভেতরের একটি অংশ আপত্তি জানিয়ে আসছিল। কমিটিতে যোগ্য নেতৃত্বের অভাব ও মতবিরোধের কারণে দলের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে বিএনপি কার্যালয়ে তালা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এছাড়াও দলের একাংশ নতুন কমিটি গঠনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাহফুজুর রহমান রিটন বলেন, খুব দ্রুত সময়ে কমিটি হয়ে যাবে বলে শুনছি। তবে দলের কারণে পিছিয়ে যাচ্ছে এমনটি নয়। আমরা কাজ করছি। সেক্ষেত্রে আমরা কিন্তু কমিটি পেলে একটু বেশি গতিশীল হব। আমরা যারা প্রার্থী আছি তারা চাই দ্রুত কমিটি হোক। হয় সম্মেলন করে কিংবা ঢাকা থেকে যে ভাবেই হোক এটি যাতে দ্রুত হয়।
রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বে আছেন। উনি যখন ঘোষণা দেবেন তখনই হবে। হয়ত সময় পাচ্ছেন না সেজন্য দেরি হচ্ছে। তবে হয়ে যাবে শীঘ্রই। কমিটি না থাকার কারণে কিছু কিছু সমস্যা হচ্ছে। তবে সেগুলো বড় না। আমরা কাজ চালিয়ে নিতে পারছি না। নেতারাও মাঠে আছে। আমি আজও (শুক্রবার) সাধুর মোড় বউবাজারে প্রচারণা চালিয়েছি। কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে জানতে কমিটি না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দুই সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।