নতুন মোটরসাইকেল কেনা হলো না প্রবাসীর, বাসচাপায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে একজন ও আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান। আর এদিন ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস।
বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তারা চাঁপাই থেকে রাজশাহীতে আসছিলেন মোটরসাইকেল কেনার জন্য।
নিহতরা হলেন, আজিজুর রহমান পাভেল (৪০) ও সইবুর রহমান (৪৫)। পাভেল সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ী ছিলেন। আর সইবুর রহমান সাইপ্রাস প্রবাসী ছিলেন। তাদের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকায়।
পাভেলের স্বজনরা জানিয়েছেন, সইবুর রহমানের মোটরসাইকেল কেনার জন্য রাজশাহীতে যাচ্ছিলেন তারা। গেল ৬ অক্টোবর সইবুর রহমান দেশে এসেছেন। তিনি দুপুর ১২টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সিটিহাটের কাছে দুর্ঘটনার শিকার হন। তাদের মরদেহ সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী আসছিলেন। হাটের কারণে সেখানে যানজট থাকায় তারা রং সাইডে গেলে রাজশাহীর দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আজিজুর রহমান পাভেল মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সইবুর রহমান।
তিনি বলেন, ঘটনার পর মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বাসের চালক ও সহকারি বাসটিকে রেখে পালিয়ে গেছে। পরিবার চাইলে মামলা করতে পারে। আমরা মামলা গ্রহণ করবো।
উল্লেখ্য, এ দিন সারাদেশে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের প্রতিপাদ্য-“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।” এ দিনই রাজশাহীতে বেপরোয়া বাসচাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী।