শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর
রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

বুধবার উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ছাত্র সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
আগামী ২৬ অক্টোবর প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন হল প্রভোস্টারা। বুধবার (২২ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ এবং রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বলেন, নির্বাচিতদের শপথ গ্রহণ আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসু’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রভোস্টারা।

শপথ পাঠ করাতে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, গেজেট তৈরী করতে এবং নির্বাচনের ধকল কাটিয়ে উঠতে কিছুটা সময় লেগেছে। এরপর আমাদের জমে থাকা অন্যান্য কাজও করা লাগছে। আমাদের পরিকল্পনা ছিলো, আজ (বুধবার) গেজেট প্রকাশ করার পর আগামীকাল (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠান করার। কিন্তু উপাচার্য স্যার অন্য কাজের জন্য কয়েকদিন ক্যাম্পাসের বাইরে থাকবেন। এজন্য অনুষ্ঠানটা পিছিয়ে ২৬ তারিখে করা লাগছে।

প্রতিনিধিরা কত টাকা বরাদ্দ পাবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সব কিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে তার উপর নির্ভর করবে প্রতিনিধিদের কি পরিমাণ বাজেট দেওয়া হবে।

ফলাফলের গেজেট হস্তান্তরের সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, নির্বাচন কমিশনারগন, প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক, হিসাব পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বিজয়ী হয়েছেন। সাড়ে তিন দশক পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন।