দুর্গাপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে পুকুরে শাপলা তুলতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মিঠুন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
২১ অক্টোবর( মঙ্গলবার) বিকেলে উপজেলা মাড়িয়া ইউনিয়নের পালি দক্ষিণ পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে মিঠুন হোসেনের বাড়ি ফিরতে দেরি হওয়াতে তার মা খুঁজতে থাকে। একপর্যায়ে আত্মীয়স্বজন এলাকাবাসী সহযোগিতায় বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে একটু দূরে লুৎফর রাহমানের পুকুরে তার মরদেহ দেখতে পায়। পরে তাকে সেই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা আরো জানান, নিহত মিঠুন হোসেন শাপলা উত্তোলনের জন্য সেই পুকুরে নেমেছিলেন। কিছু শাপলা তুলে পুকুর পাড়ের উপর রাখে, আবার পানিতে নামে এবং সেখানেই মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, পানিতে ডুবে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এনিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।