শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকায়’ বেশিরভাগ বাস্তবে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

WP Import ২১ অক্টোবর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন জাতীয়
WP Import ২১ অক্টোবর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
‘ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকায়’ বেশিরভাগ বাস্তবে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
‘ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকায়’ বেশিরভাগ বাস্তবে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

সোনার দেশ ডেস্ক:


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে, তার অনেকগুলো বাস্তবে নেই। তিনি বলেন, ‘‘যেই তালিকা একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশ করেছেন, সেটা সঠিক নয়। এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তি আছে অনেক পুরোনো। আর কয়েকটি চুক্তি আছে, যেগুলো পর্যালোচনার মধ্যে আছে , ঠিক ওই নামে নেই।’’
মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উপদেষ্টা জানান, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনও প্রকল্প নেই। আশুগঞ্জ-আগরতলা করিডর নামে নেই কিছু, যে নামে আছে তা হচ্ছে— আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন প্রকল্প, এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে। ‘ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প’ নামে কিছু নেই, যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক, সেটা বাতিল হয়নি। কুশিয়ারা নদীর পানিবণ্টন প্রকল্প বলে কিছু নেই, যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক। এটি স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনও চুক্তি নেই। যেটা আছে মোংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন, সেটা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব– এরকম কিছু নেই। সিলেট-শিলচর সংযোগ প্রকল্প নামে কোনও প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি– এরকম কোনও চুক্তি হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, প্রক্রিয়া চলছে। আদানি বিদ্যুৎ নিয়ে যেটা বলা হয়েছে, সেটা মোটামুটি ঠিক আছে। এটা পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। এটা নবায়নের জন্য আলোচনা হবে, যোগাযোগ চলছে। তিস্তা চুক্তি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। খুব যে অগ্রগতি তা না। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট চুক্তি– এটা আমরা বাতিল করেছি। এটা বিবেচনা করে দেখা গেছে যে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা চুক্তিই বাতিল করেছে। যখন কোনও চুক্তি সই হবে বা বাতিল হবে, তখন আমরা আপনাদের জানাবো।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ফটোকার্ড প্রকাশ করে বলা হয়, ‘ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন