জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোয়ালিয়া থানা বিএনপি। সোমবার (২০ অক্টোবর) বিকেলে থানা পূর্ব এবং পশ্চিমের উদ্যোগে বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা সোনাদিঘী হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট দিয়ে বাটার মোড় ঘুরে রাজারহাতা মোড়ে এসে শেষ করেন। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি শামসুল ইসলাম মিলু। বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহনের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।