গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে রাবি ছাত্রীসংস্থার মানববন্ধন

রাবি প্রতিবেদক :
গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনাসহ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে “বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা” রাবি শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই”, “ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না”, “ধর্ষকের বিচার চাই”, “ধর্ষকের কোনো পরিচয় নাই, তার পরিচয় সে ধর্ষক”, “নো মোর রেপ, রেইজ এগেইনস্ট রেপ” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।
এ সময় রাবি শাখা ছাত্রীসংস্থার সভাপতি ও রাকসু’র মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, “গাজীপুরে একটি মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধে বিচার নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। অপরাধী চিহ্নিত হওয়ার পরও তাকে বিচারের আওতায় না আনা প্রশাসনের ব্যর্থতা।”
ছাত্রীসংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, “গত দশ মাসে দেশে প্রায় চার হাজারেরও বেশি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু এর বেশিরভাগেরই সুষ্ঠু সমাধান হয়নি। গাজীপুরের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। আমরা প্রতিটি ধর্ষণের দ্রুত ও যথাযথ বিচার দাবি করছি।”
মানববন্ধনে রাকসু’র সহ মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহানসহ ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের ত্রিশের অধিক নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।