শনিবার, আগস্ট ২২, ২০২৬

শীত আসেনি, তবুও বেশি দামে বিক্রি হচ্ছে কম্বল

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ১১:৪৬ অপরাহ্ন
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ১১:৪৬ অপরাহ্ন
শীত আসেনি, তবুও বেশি দামে বিক্রি হচ্ছে কম্বল
শীত আসেনি, তবুও বেশি দামে বিক্রি হচ্ছে কম্বল

নিজস্ব প্রতিবেদক:


তিন কার্তিক আজ। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে। অনেকেই সিলিং ফ্যান বন্ধ রেখে চাদর বা হালকা কম্বল মুড়ি দিচ্ছেন। রাজশাহী নগরীতে বিক্রি শুরু হয়েছে শীতের পোশাক ও কম্বল। তবে শীতের পোশাকের তুলনায় কম্বল বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে গেল বছরের চেয়ে বেড়েছে দাম, বলছেন- ক্রেতা-বিক্রেতা উভয়েই।
রাজশাহী নগরীর নিউ মার্কেট-সাহেব বাজার সড়কের রাণীবাজার এলাকায় অস্থায়ীভাবে বসা দোকানগুলোতে বিক্রি হচ্ছে সবধরনের কম্বল। দেশি হালকা থেকে শুরু করে বিদেশি মোটা কম্বল পাওয়া যাচ্ছে এখানে। মান ভেদে বিভিন্ন দামে এসব কম্বল কিনছেন ক্রেতারা।

ক্রেতারা বলছেন- ‘শীত এখনও আসেনি। তবুও গেল বছরের চেয়ে কম্বলের দাম বেশি চাচ্ছেন ক্রেতারা।’ বিক্রেতারা বলছেন- ‘মোকামে পাইকারে দাম বেড়েছে কম্বলের। বিগত বছরের তুলনায় তাদের বেশি দামে কিনতে হয়েছে কম্বল।’

রাণীবাজারের অস্থায়ী দোকানগুলো ঘুরে দেখা গেছে, দেশি কম্বল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ১৩০০ টাকা দরে। বিদেশি কম্বল ৩ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকার মধ্যে। যদিও গেল বছর এসব বিদেশি কম্বল বিক্রি হয়েছিল ২ হাজার থেকে ৫ হাজার টাকায়। অর্থাৎ এবার মান ভেদে বিদেশি কম্বলের দাম বেড়েছে এক হাজার থেকে দেড় হাজার টাকা।

ক্রেতা সানজিদা বেগম বলেন, ‘গেল বছর যে কম্বল সাড়ে ৩০০ টাকায় কিনেছিলাম। এই বছর একই কম্বলের দাম বলছে ৫০০ টাকা। বিক্রেতারা বলছেন তাদের বেশি দামে কিনতে হয়েছে কম্বল।’
অপর ক্রেতা মুন্নি খাতুন বলেন, ‘ভেবেছিলাম এখনও তেমন শীত আসেনি, তাই তুলামূলক কম দামে পাব কম্বল। কিন্তু বাজারে এসে দেখি দাম বেড়েছে কম্বলের। তবুও অনেক দামাদামি করে কিনলাম একটা কম্বল।’
কম্বল বিক্রেতা মিঠুন সরকার বলেন, ‘মোটামোটি সব কম্বলের দাম বেড়েছে। গার্মেন্টসের কাপড় দিয়ে তৈরি কম্বলগুলোর দাম ৪০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। এখনও শীত আসেনি। তাই সেইভাবে বিক্রি জমেনি। আশা করছি কার্তিক মাসের ১৫ দিন গেলে বাড়তে পারে বিক্রি। এবার আমাদের মোকামে (ঢাকা) বেশি দামে কম্বল কিনতে হয়েছে। উপায় নেই, সীমিত লাভে বিক্রি করছি।’

বিক্রেতা সুমন বলেন- ‘এবছর কাপড় ও সেলাইয়ের মান উন্নত হওয়ায় কিছু কম্বলের দাম একটু বেশি। তবে এখনো শীত না আসায় দামি কম্বল এখনও বাজারে নিয়ে আসিনি। শীত বাড়লে চাহিদা বিবেচনায় দামি কম্বল নিয়ে আসব বিক্রির জন্য।’