রাকসু নির্বাচনের ফল প্রকাশের পরেরদিন পিকনিক করলেন পরাজিত প্রার্থীরা

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীদের একাংশ পিকনিক করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাকসু নির্বাচনের ফলাফল শুক্রবার প্রকাশ করা হয়। এর পরেরদিন শনিবার (১৮ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই পিকনিক আয়োজন করেন পরাজিত প্রার্থীরা।
সরেজমিনে দেখা যায়, এই পিকনিকে অংশগ্রহণ করেছেন শতাধিক পরাজিত পদপ্রার্থী। এসময় তাঁরা বাংলা-হিন্দি গানের সাথে নেচে-গেয়ে আনন্দ-উল্লাসও করছিলেন।
পিকনিকে অংশগ্রহণকারী রাকসু নির্বাচন- ২০২৫ এর পরাজিত ভিপি পদপ্রার্থী বিল্লাল হোসেন বলেন, “ভোটের আগে আমি শিক্ষার্থীদের কাছে গিয়েছিলাম এবং পরিষ্কারভাবে জানিয়েছিলাম কেন আমাকে ভোট দেওয়া উচিত। তারা প্রতিশ্রুতিও দিয়েছিল ভোটের জন্য। কিন্তু পরে দেখলাম, তারা সবাই শিবিরে পরিণত হয়েছে-এটা আমি কখনো কল্পনাও করিনি।”
ছাত্রদল মনোনীত প্যানেলের সাবেক ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “আমাদের এই আয়োজন মূলত পরাজিত প্রার্থীদের নিয়ে। আমরা পরাজিত হলেও এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশ। আমাদের আজকের উদ্দেশ্য হলো, যারা নির্বাচনে জয়ী হয়েছেন তারা যেন তাদের ইশতেহার আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন করেন, আর আমরা তার তদারকিতে থাকব।”
এ সময় বিভিন্ন পদে পরাজিত শতাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।