শনিবার, আগস্ট ২২, ২০২৬

পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

WP Import ১৮ অক্টোবর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন
WP Import ১৮ অক্টোবর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন
পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগসারা মোড় এলাকার একটি ধানখেত থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পবা থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুল মজিদ বলেন,“সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে দেখি ধানখেতের ভেতর একজন নারীর লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি তাঁর শরীরে কোনো কাপড় নেই। তখনই পুলিশে খবর দিই।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন,“এমন ভয়াবহ ঘটনা আগে কখনো দেখিনি। মনে হচ্ছে নারীটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,“সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকাণ্ড কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, “তদন্তের স্বার্থে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিচয় শনাক্তের পর মামলা দায়ের করা হবে।”