রাবিতে সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রশিবির ৩, স্বতন্ত্র ২

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের মতো সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৭ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ৩ জন, একজন সাবেক সমন্বয়ক এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন রাকসুর নবনির্বাচিত ভিপি ও রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা ফাহিম রেজা, নবনির্বাচিত এজিএস ও রাবি শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিভাগের সদস্য এসএম সালমান সাব্বির এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।