রাজশাহীতে এইচএসসিতে পাসের হার ৫৯. ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর (২০২৩ খ্রি.) এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন . ম. মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এবছর বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৪ হাজার ১৩৪ জন। এরমধ্যে ৬৭ হাজার ৫৭০ জন ছাত্র ও ছাত্রী ৬৩ হাজার ৩১৭ জন। এবছর ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে। এবছর ছাত্রের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। এবছর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮২ জন।
চলতি বছরের এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আন ম মোফাখখারুল ইসলাম বলেন, এবছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এবছর ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। একই সঙ্গে জিপিএ-৫ এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে।