শনিবার, আগস্ট ২২, ২০২৬

উঠে যাচ্ছে অমোচনীয় কালি

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:১২ অপরাহ্ন
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:১২ অপরাহ্ন
উঠে যাচ্ছে অমোচনীয় কালি
উঠে যাচ্ছে অমোচনীয় কালি


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাচ্ছে বলে অভিযোগ করছেন প্রার্থীরা। প্রার্থীরা বলছেন, এতে জাল ভোট দেওয়া আশঙ্কা তৈরি হয়েছে।
রাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে এই অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভোট দেওয়ার পর বাইরে এসে হাতে ঘষা দেওয়ার পরপরই ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাচ্ছে।

ভোট প্রদান শেষ জুবায়ের নামের এক শিক্ষার্থী বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিল, তারা দেশের বাইরে থেকে কালি আমদানি করেছেন, যাতে তা উঠে না যায়। কিন্তু আমি ভোট দেওয়ার সাথে সাথেই উঠে গেল।’

শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল, তারা যে কালি ব্যবহার করবে তা উঠবে না। কিন্তু এখানে ভোট দিতে এসে এই অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবগত করেছি।’
আইনশৃঙ্খলা ও পরিবেশ পরিষদের সদস্য অধ্যাপক কাওছার আলী বলেন, ‘আমরা তা শোনার পর দায়িত্বরত পুলিং এজেন্টদের নির্দেশনা দিয়েছি, তারা যেন হাতের আঙুলে কালি ৫ সেকেন্ড ধরে রাখে। পাশাপাশি ভোটার বের হওয়ার আগে যেন আবার তা চেক করে।’

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘আমরা দেশের বাজারের সর্বোচ্চ দামের কালির কলম কিনেছি। এরপরও যদি উঠে যায় তবুও সমস্যা হবে না। আমরা ভোট কেন্দ্রে ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করে ভোট নিচ্ছি। নারী শিক্ষার্থীদের যারা নেকাব ব্যবহার করেন তাদের জন্যও আলাদা করে তাদের চেকিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। আশা করছি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।’#