রাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থীরা ভোট দিবেন কোন ভবনে

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। কোন ভবনে কোন হলের শিক্ষার্থীরা ভোট দিবেন, সেবিষয়ে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।
কোন ভবনে কোন হলের ভোটাররা ভোট দিবেন
বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেওয়ার কথা ছিলো মন্নুজান হলের শিক্ষার্থীদের। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় কেন্দ্রটি পরিবর্তন করে নেওয়া হয়েছে পাশের ডিনস কমপ্লেক্স ভবনে। মন্নুজান হলের ভোটার সংখ্যা ২৩৭৮ জন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারি কক্ষে ভোট দিবেন শহীদ জিয়াউর রহমান হলের ১৯৬৩ জন শিক্ষার্থী।
ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনে ভোট দেবেন দুইটি হলের শিক্ষার্থীরা। এদের মধ্যে ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে ভোট দিবেন জুলাই-৩৬ হলের ২৪৭২ জন শিক্ষার্থী। দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে ভোট দেবেন রোকেয়া হলের ২১৭৩ জন শিক্ষার্থী।
রবীন্দ্র ভবনে ভোট দেবেন তিনটি হলের শিক্ষার্থীরা। পূর্ব-মধ্য গেট দিয়ে প্রবেশ করে ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হলের ১২৪১ জন শিক্ষার্থী ভোট দিবেন। পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নম্বর কক্ষে ভোট দিবেন বেগম খালেদা জিয়া হলের ১২৭৫ জন শিক্ষার্থী। এছাড়া, দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের ১৭৬৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করবেন।
এদিকে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুইটি হলের ভোটাররা। ১৩৩ নম্বর কক্ষে ভোট দিবেন শহীদ হবিবুর রহমান হলের ২৪৪৬ জন শিক্ষার্থী। ১০১ নম্বর কক্ষে ভোট দিবেন শহীদ শামসুজ্জোহা হলের ১৩০৪ জন শিক্ষার্থী।
জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে ভোট দিবেন দুইটি হলের শিক্ষার্থীরা। ভবনটির সিএসএলের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হলে ১৫২৯ জন শিক্ষার্থী ভোট দিবেন। দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে নবাব আব্দুল লতিফ হলের ১১১৩ জন শিক্ষার্থীরা ভোট দিবেন।
সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনেও ভোট দিবেন দুইটি হলের শিক্ষার্থীরা। ভবনটির ১৩৩ নম্বর কক্ষে শের-ই বাংলা ফজলুল হক হলের ৯৯৩ জন শিক্ষার্থী ভোট দিবেন। ২০৮ নম্বর কক্ষে ভোট দিবেন মতিহার হলের ১৮৭১ জন শিক্ষার্থী।
জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। ভোটার সংখ্যা ১৮৭৪ জন। ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোটাররা ভোট দেবেন। ভোটার সংখ্যা ১৮৬১ জন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হল রুমে সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থীরা ভোট দিবে। ভোটার সংখ্যা ১২৩০ জন। এবং পশ্চিম হল রুমে শাহ মখদুম হলের ভোটগ্রহণ চলবে। ভোটার সংখ্যা ১৪০৯ জন।
ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা চলবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের সদস্য ও ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ভোট গণনা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার পুরো সময়টি সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।