রাকসু নির্বাচন: পোলিং এজেন্টদের জন্য করনীয় ও নির্দেশনা

রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পোলিং এজেন্টদের জন্য বিশেষ করণীয় ও নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
করনীয় নির্দেশনা না মানলে প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোলিং এজেন্টকে সরাসরি বহিষ্কারের আদেশ দেয়ার এখতিয়ার রাখবেন।
নির্দেশনাগুলো হলো- পোলিং এজেন্টগণ অবশ্যই রাকসু নির্বাচন কমিশন কর্তৃক পূর্ব তালিকাভূক্ত হতে হবে, তালিকাভূক্ত পোলিং এজেন্টগণ অবশ্যই রাকসু নির্বাচন অফিস থেকে পরিচয়পত্র সংগ্রহ করবেন এবং পরিচয়পত্রটি দৃশ্যমানভাবে বহন করবেন, পোলিং এজেন্টগণ অবশ্যই সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের ভোটার হতে হবে, সকল পোলিং এজেন্ট-কে ১৬ অক্টোবর সকাল ৮টার মধ্যে অবশ্যই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং ভোট কেন্দ্রে পোলিং এজেন্টগণ নির্ধারিত স্থানে বসে দায়িত্ব পালন করবেন।
পোলিং এজেন্টগণ দায়িত্ব পালনকালে নির্ধারিত আসন ব্যতিত অহেতুক চলাফেরা, ভোটদান প্রক্রিয়ায় বাধাগ্রস্থ করা, ভোটকেন্দ্রে প্রচারণা চালানো, ভোটদানে বাধা প্রদান ইত্যাদি কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারবেন না; ভোটগ্রহণের পূর্বে স্বচ্ছ ও উন্মুক্ত ব্যালট বাক্স নিশ্চিতকরণের পর পোলিং এজেন্ট-কে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করতে হবে; ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ অথবা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পোলিং এজেন্টগণ ভোট কেন্দ্র থেকে কোন প্রকার ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারবেন না এবং সেখান থেকে কোন বিষয় লাইভ সম্প্রচার করতে পারবেন না।
এছাড়া, পোলিং এজেন্ট ভোট কেন্দ্রের অভ্যন্তরে কোন সংবাদকর্মী, ক্যামেরাম্যান বা প্রিন্ট/সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হতে পারবেন না। এই ধরণের কর্মকাণ্ডে লিপ্ত হলে প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোলিং এজেন্টকে সরাসরি বহিস্কারের আদেশ দেয়ার এখতিয়ার রাখবেন; ভোটকেন্দ্রে ভোটগ্রহণ এবং ভোট গণনা কেন্দ্রে ভোট গণনার সময় কোন প্রকার আপত্তি/অভিযোগ পরিলক্ষিত হলে তৎক্ষণাৎ তা প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে। পরবর্তীতে কোন ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না; ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সের ব্যালট প্রবেশের পথ মাস্কিং টেপ দিয়ে আটকানোর পর টেপসহ বাক্সের উপর স্বাক্ষর দিতে হবে।
ভোটগ্রহণ শেষে ভোটার উপস্থিতির হিসাব সরবরাহকৃত টপশীটে উল্লেখপূর্বক স্বাক্ষর দিতে হবে। ভোট কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে পোলিং এজেন্টগণ তা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে অবহিত করবেন। তবে প্রিজাইডিং অফিসার/পোলিং অফিসারের কাজে কোন প্রকার বাধা প্রদান বা অশোভন আচরণ করতে পারবেন না। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সের সিলগালা যথাযথ নিয়মে খোলা হয়েছে মর্মে প্রত্যয়নপত্রে স্বাক্ষর দিতে হবে। পোলিং এজেন্ট ভোট গ্রহণ শেষে গণনা কেন্দ্রে হাজির হয়ে ভোট গণনা প্রত্যক্ষ করতে পারবেন। ভোটারের পরিচয় সনাক্তকরণে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।