শনিবার, আগস্ট ২২, ২০২৬

টাস্কফোর্সের অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ১০ লাখ ৪৮ হাজার টাকা আদায়

WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গেল ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে ১৪টি টাস্কফোর্স সদস্যের অভিযান পরিচালনা করে। সাতদিনে পশ্চিমাঞ্চল রেলওয়েতে অভিযান পরিচালনা করে ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এই অভিযান রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এরমধ্যে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী ৩ হাজার ২১ জন এবং অন্যের আইডি ব্যবহারকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকাসহ মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়।

অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ১০টি টাস্কফোর্স বর্তমানে মাঠে কাজ করছে। নিয়মিত টিকিট চেকিংয়ের পাশাপাশি এই বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

রেলওয়ের একটি সূত্র জানায়- অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন। টাস্কফোর্সের সদস্যরা দায়িত্ব পালনের সময় টিকিট যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কাজ করছেন। কোনো যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করলে বা অন্যের টিকিট ব্যবহার করলে আইন অনুযায়ী জরিমানা কিংবা জেল দেওয়া হবে।