শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচনে নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
রাকসু নির্বাচনে নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব
রাকসু নির্বাচনে নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব

 

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব মোতায়েন থাকবে। এছাড়া গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও স্কাউট সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), র‌্যাব ও বিজিবির প্রতিনিধিদের মধ্যে এক সমন্বয় সভা শেষে এসব তথ্য জানান আরএমপি কমিশনার আবু সুফিয়ান।

তিনি বলেন, “ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবো। বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গা ও কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিশেষভাবে আলোচনা হয়েছে।”

আরএমপি কমিশনার আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিছু বস্তি এলাকা রয়েছে, যেখানে মাদকাসক্ত ব্যক্তিদের উপস্থিতি থাকতে পারে বলে আমরা মনে করছি। সেই এলাকাগুলোতেও তল্লাশি চালানো হবে। এছাড়া, আবাসিক হলে যেন কোনো বহিরাগত অবস্থান না করে সে বিষয়েও আমরা নজরদারি করছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। এজন্য তিন বাহিনীর সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় হচ্ছে। হলগুলোতে যাতে কোনো বহিরাগত না থাকে বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেন, “নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের একটি বিশেষ টিমও মাঠে কাজ করবে; কোনো প্রার্থী বা প্যানেল আচরণবিধি ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এ আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) এক সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভাপতিত্ব করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও সহকারী প্রক্টরবৃন্দ, রাকসু কোষাধ্যক্ষ ও চিফ রিটার্নিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান ও রিটানিং অফিসারবৃন্দ, রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনারবৃন্দ, হল প্রাধ্যক্ষ ও হল ছাত্র সংসদ নির্বাচনের রিটানিং অফিসারবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান ও অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান পিপিএম, রাজশাহী বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হাসিবুল হক, র‌্যাব-৫ এর সিনিয়র এএসপি সালমান ফার্সী, আরএমপি’র উপ-কমিশনার মো. গোলাম রব্বানী শেখ পিপিএম (বার), মতিহার জোনের উপ-কমিশনার মো. মমিনুল করিম, ডিবি’র উপ-কমিশনার মাঈনুল ইসলাম পিপিএম (বার), সিটিএসবি’র উপ-কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম পিপিএমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য আসন্ন রাকসু ও সংশ্লিষ্ট অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের দিন এবং এর আগে-পরে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা রক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এসময় আরএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রয়োজন অনুযায়ী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা সম্পর্কে সভাকে অবহিত করেন। সভায় উপস্থিত রাকসু প্রধান নির্বাচন কমিশনার এবং হল ছাত্র সংসদ নির্বাচনের রিটানিং অফিসারবৃন্দ হলসমূহেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

ক্যাম্পাসের পরিস্থিতি নিয়মিতভাবে মনিটর করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করার জন্য উপাচার্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সকলের সম্মিলিত প্রয়াসে আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।