মানিকগঞ্জে এক দিনে চারজনের মরদেহ উদ্ধার

সোনার দেশ ডেস্ক:
মানিকগঞ্জ সদর, ঘিওর ও সিঙ্গাইর উপজেলা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দিনের বিভিন্ন সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনই আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে শহরের পশ্চিম দাশড়া এলাকার পৌর ভূমি কার্যালয়ের পিছনের একটি বহুতল ভবনের তিনতলা থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে।
নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার সাংবাদিকদের বলেন, আবু হানিফ তার বর্তমান স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী গর্ভবতী। বিদেশে পাঠানোর কথা বলে আবু হানিফ বিভিন্ন ব্যক্তি কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ায় মানসিক চাপে ছিলেন।
তিনি বলেন, মানিকগঞ্জের এক ব্যক্তির মোটরসাইকেল বিক্রির টাকা আত্মসাৎ করে তিনি আত্মগোপনে ছিলেন। বিভিন্ন দেন-দরবারের পর সেই পাওনাদারকে টাকা দেওয়ার জন্য মানিকগঞ্জে আসেন।
বৃষ্টি আক্তার বলেন, তার বাসাতেই লেনদেন হওয়ার কথা ছিল। তবে পাওনাদাররা আসার খবর পেয়ে ভেতর থেকে ঘরের দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আবু হানিফ।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আরও বলেন, সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ আরও জানায়, সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামের রোজিনা আক্তার নামের এক নারী বিষপান করেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে বিষপানে রোজিনা আক্তার আত্মহত্যা করেছেন।
ঘিওর থানার ওসি কোহিনূর মিয়া বলেন, উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ২০২৪ সালের অগাস্টে সোনা মিয়ার স্ত্রী মারা যান। তারপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রোববার রাতে বোন জামাইয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সোমবার ভোরে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ঘিওর থানার (ওসি) কোহিনূর মিয়া জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র: বিডিনিউজ