রবিবার, আগস্ট ২৩, ২০২৬

প্রাথমিকভাবে ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত এবি পার্টির

WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন জাতীয়
WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন

সোনার দেশ ডেস্ক:


আগামী জাতীয় নির্বাচনে প্রাথমিকভাবে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলটির চেয়ারম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তালিকাটি প্রকাশ করবেন।
রোববার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন।

জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা সংস্কারপন্থিদের দল এবি পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে।
গত বছরের অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই চার বছরের মাথায় নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।
২১ অগাস্ট নির্বাচন কমিশন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করে।

জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থিরা’ আলাদা প্ল্যাটফর্ম গঠনের এক বছর পর ২০২০ সালে এবি পার্টি গঠনের ঘোষণা দেন।
এরপর নানান চড়াই-উৎরাই দেখে এ দলটি।

সবশেষ এবি পার্টি তার মূলনীতি থেকে সরে গেছে, দাবি করে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করে আবার জামায়াতে ফিরে গেছেন।
ছাত্রজীবনে ইসলামী ছাত্র সংঘের পর জামায়াতের রাজনীতি করা সাবেক এই সচিব ২০০৭ সালে সরকারি চাকরি হতে অবসর নিয়ে দলের সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালে পদত্যাগ করে এবি পার্টি গঠন করেন।
প্রাথমিক প্রার্থী মনোনয়ন বিষয়ে এবি পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

একই দিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে সভার করার কথাও বলেছে দলটি।
এবি পার্টির বলেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দুইজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল। তারা দীর্ঘ কার্যক্রম শেষে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে।

দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে।
তথ্যসূত্র: বিডিনিউজ