গোপালগঞ্জ থেকে হত্যা মামলার আসামি সোহানকে গ্রেফতার

গোপালগঞ্জ থেকে হত্যা মামলার আসামি সোহানকে গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তি :
র্যাব-৫ সিপিসি-৩ এবং র্যাব-৬ খুলনা সদর কোম্পানী (ভাটিপাড়া, গোপালগঞ্জ) এর যৌথ আভিযানিক দল শনিবার (১১ অক্টোবর) রাত ৮:০৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার আসাদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগরস্থ গাছা থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামি সোহান (১৯) কে গ্রেফতার করেছে। ধুত ব্যক্তি গোপালগঞ্জের কোটালিপাড়ার থানার আসুতিয়ার ইব্রাহিম শেখের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরস্থ গাছা থানা এলাকার বাসিন্দা হালিম মন্ডল (৩৫) একজন ইলেকট্রিক মিস্ত্রি। গত ১ মাস পূর্বে তার এলাকার কিছু বখাটে দুষ্কৃতিকারী অন্যায় কাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতির ও হুমকি প্রদান করে।
সেই হতে আসামিরা ভিকটিম এবং তার পরিবারের লোকজনদের সাথে শত্রুতা করে আসছে। জয় নামের এক ছেলের সাথে তর্ক-বিতর্ককে কেন্দ্র করে ভিকটিম হালিম মন্ডল এর সাথে দুষ্কৃতিকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে ভিকটিম ন্যায় সঙ্গত প্রতিবাদ করলে দুষ্কৃতিকারীরা ২০ সেপ্টেম্বর ২০২৫ রাত অনুমান পৌনে ১১ টায় ভিকটিমের ছোটভাই আবু বকর সিদ্দিক এর গাজীপুর মহানগরস্থ গাছা থানাধীন শরীফপুর বালুর মাঠ
এলাকায় বারকু মন্ডল জামে মসজিদ সংলগ্ন দোকানের পূর্ব পাশে জনৈক পিয়াস এর দোকানের সামনে ইট সলিং রাস্তার উপর অবস্থান করাকালে দুষ্কুতিকারীরা পূর্বের শত্রুতার জের ধরে ও আধিপত্য বিস্তারের জন্য একে অপরের সহযোগিতায় সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে ধারালো দা, ধারালো ছুরি (সুইজগিয়ার), লোহার রড, লোহার পাইপ, কাঠের লাঠিশোঠা সহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনীজনতাবন্ধে উল্লেখিত স্থানে ভিকটিমকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি, কোপ মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা কাটা রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।
সংবাদ পেয়ে ভিকটিমের ভাই আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে এসে ভিকটিম এর নিকট হতে উল্লেখিত ঘটনার বিস্তারিত অবগত হন। অতঃপর আবু বক্কর সিদ্দিক ভিকটিমকে আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর নিয়া ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
এ সংক্রান্তে ভিকটিমের ভাই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গাজীপুর জেলার গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৩৭৯/ ১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর জেলার গাছা থানার নিকট হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।