রবিবার, আগস্ট ২৩, ২০২৬

জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দুদিন পিছিয়ে ১৭ অক্টোবর

WP Import ১১ অক্টোবর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন জাতীয়
WP Import ১১ অক্টোবর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন
জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দুদিন পিছিয়ে ১৭ অক্টোবর
জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দুদিন পিছিয়ে ১৭ অক্টোবর

সোনার দেশ ডেস্ক:


জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবরে নেওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
আগের সূচি অনুযায়ী, এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর (বুধবার); জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

কিন্তু ‘জনসাধারণের সুবিধার্থে’ সেটি পিছিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়ার কথা বলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি বৈঠক হয়।

ওই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন অনুষ্ঠান দুই দিন পেছানোর সিদ্ধান্ত নেয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আলী রীয়াজ বলেন, “১৫ তারিখ (অক্টোবর) স্বাক্ষর অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এটা একটু পিছিয়েছে; ১৭ অক্টোবর শুক্রবার নির্ধারণ করা হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার কমিশনের এক বৈঠকে ১৫ অক্টোবর অনুষ্ঠানটি করার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছিল।
সেদিন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।”

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের ইতি ঘটে বুধবার।
সেদিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট আয়োজন করতে একটি অধ্যাদেশ জারির ‘মতামত’ পাওয়ার কথা জানায় কমিশন।
তথ্যসূত্র: বিডিনিউজ