সোমবার, আগস্ট ২৪, ২০২৬

কমেছে কাঁচামরিচের দাম, চড়া মাছ মাংস সবজি

WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


গত সপ্তাহে কাঁচামরিচের দাম কেজিতে ৩০০ টাকা ছাড়ায়। সপ্তাহের ব্যবধানে দাম কমে ১৬০ থেকে ১৮০ টাকায় নেমেছে। তবে এখনো চড়া দামে অন্য সবজি বিক্রি হচ্ছে। কমেনি মাছ, মাংস, ডিম, চাল, ডালের দাম।

শুক্রবার (১০ অক্টোবর) রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বেগুনসহ অন্য সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। তালবেগুন ২০০ টাকার কমে মেলে না। সবুজ বেগুনও ১৪০ থেকে ১৬০ টাকা, লম্বা বেগুন ৮০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হয়। বাঁধাকপি ও ফুলকপি ৮০ থেকে ১০০ টাকা পিস, শিম ১৬০ থেকে ২০০ টাকা কেজি; পটল, ধুন্দুল, ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০ টাকা, শসা ৬০ থেকে ১০০ টাকা; করলা, ঝিঙে, বরবটি, কচুরলতি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা ও টমেটো ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

স্থলবন্দরগুলো দিয়ে দেশে চাল আমদানি হলেও বিভিন্ন কোম্পানির মিনিকেট চাল কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মজুমদার কোম্পানি, দাদা, ডায়মন্ড, হরিণ, মোজাম্মেলের মিনিকেট চালের দাম আরও বেশি, ৮৫ টাকা। নাজিরশাইল ৯৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আটাশ চাল ৫৮ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন বাজারে মসুর ডালের দামও চড়া। আগের মতোই ১২০ থেকে ১৬০ টাকা কেজি। চিনি ১০৫ থেকে ১১০ টাকা কেজি, দুই কেজি আটার প্যাকেট ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ছোলার দাম বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আগের মতোই আদার কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, রসুন ১৩০ থেকে ১৬০ টাকা, পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় এবং আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
সরকার ৪-২৫ অক্টোবর ধরা ও বিক্রি বন্ধ থাকায় বাজারে কোনো ইলিশ দেখা যায়নি। আগের মতো বেশি দামে মাছ বিক্রি হয়। কাচকি মাছের কেজি ৫০০ থেকে ৬০০ টাকা; কাজলি, ট্যাংরা, চিংড়ি, বাতাসি মাছ ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের রুই ও কাতলা মাছও ৩৫০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৬০০ টাকা; পাঙাশ, তেলাপিয়া, সিলভার কার্প ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আকারে ছোটগুলো ১৮০ টাকা কেজিও বিক্রি হয়।

আগের মতো বিভিন্ন বাজারে সাদা ডিমের ডজন ১৩০ টাকায় এবং লাল ডিম ১৩৫ টাকায় বিক্রি হয়। তবে পাড়া-মহল্লায় একটু বেশি দামেই বিক্রির হয়। প্যাকেট করা ডিমের দাম আরও বেশি; ডজনপ্রতি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজারে আগের মতোই সোনালি মুরগির কেজি ২৯০ থেকে ৩০০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, দেশি মুরগি ৫৭০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।